গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে শতাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম