ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে প্রায় আধা কিলোমিটার রাস্তা নিজ অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন। ব্যক্তিগত উদ্যোগে জনদুর্ভোগ লাঘব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসায় স্থানীয়দের প্রশংসা পাচ্ছেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের হাসেম খন্দকারের বাড়ি থেকে একই গ্রামের আজাদ খানের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। শতাধিক মানুষ প্রতিদিন এ রাস্তা ব্যবহার করতেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে রাস্তাটি নির্মাণ করে দেন ছরোয়ার হোসেন।
এ ছাড়া তিনি সোনাপুর ইউনিয়নের রঙ্গরায়েরকান্দী, গোপালিয়া, সোনাপুর, ফুকরাসহ বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কার করেছেন। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্হানীয় বাসিন্দা আজাদ খান, তারা মিয়াসহ আরও অনেকে বলেন, ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে সাড়া ফেলেছেন ছরোয়ার হোসেন। তাঁর এমন উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ছরোয়ার হোসেন বলেন, আমিও গ্রামের সন্তান। ব্যবসার সুবাদে শহরে বসবাস করি। গ্রামে ঘুরে ঘুরে দেখেছি, গ্রামের মানুষ খুবই সহজ-সরল। বিভিন্ন সময়ে তাঁদের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পর অনেকেই আর তাঁদের খোঁজখবর রাখেননি। তাই গ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি যেন সারা জীবন মানুষের পাশে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।
তিনি আরও বলেন,জনগণ যদি আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে সোনাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম