শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, আইনের আওতায় শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র ও শ্রমিক হত্যার দায় থেকে তাঁর মুক্তির কোনো সুযোগ নেই।
সমাবেশে তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের বহিঃপ্রকাশ। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই কর্মসূচি।
শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, তিনিও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে তাঁদের দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে বিভিন্ন স্থানে নৈরাজ্য ও আতশবাজির ঘটনা ঘটানো হচ্ছে।
যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম, খুন ও নানা নিপীড়নের মধ্যেও তাঁরা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।
ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন আবার তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম