কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর ডেমরা থানার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে ডেমরা থানা-পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে।
এ বিষয়ে পুলিশের কাছে তথ্য পৌঁছানোর পর ডেমরা থানা-পুলিশ তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করে। একপর্যায়ে সানারপাড় এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ডেমরা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, শনিবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। পরবর্তী সময়ে মেঘনা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম