শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : আদালত ও প্রশাসন

ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম


DhakaReport24.com || 2026-11-28
ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে পুনরায় ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতার ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেফতারের লক্ষ্যে সুইডেন আসলামকে পুনরায় পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, টিটন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন।


এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা (শিডিউল) কেনার কথা জানান।


এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়। বলা হয়, এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙ্গারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।


২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরের দিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে আসা দুই অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

গুলিতে তার ডান কানের ওপরের অংশ, বাম ভ্রুর ওপরের কপাল, পিঠের বাম পাশের নিচে ও ডান পাশের ওপরের অংশ, বাম হাতের কনুইয়ের ওপরের সামনের দিক ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুরুতর আঘাত লাগে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পৌঁছে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। তিনি নিউমার্কেট থানা পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনের সময় উপস্থিত ছিলেন।


পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম