বুধবার ২৮ অক্টোবর বেলা ৩ ঘটিকায় 'পল্টন ট্র্যাজেডি দিবস' উপলক্ষে স্থানীয় আইডিয়াল স্কুলে মদন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রহুল আমিন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথ হারিয়েছিল।
এই দিনে রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় ঘটে যাওয়া লগি-বৈঠার ভয়াবহ তাণ্ডব ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য রাজপথে পিটিয়ে মানুষ হত্যা এবং লাশের ওপর নাচার মতো নৃশংস দৃশ্য সে সময় দেশে-বিদেশে চরম সমালোচনার ঝড় উঠেছিলো । এই নৃশংস হামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অনেকে শহীদ হন এবং শত শত মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পৌরসভার আমীর মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য সাজেদুল হক সাজু।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মদন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আবুল হাসনাৎ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডিতে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম