নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাসে স্ত্রীর চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক আবু হানিফকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে আটক করেছে পুলিশ।
তিনি মোহনগঞ্জ থানার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, আমরা দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছি।
মামলা সূত্রে জানা গেছে, বাখরপুর গ্রামের আবু হানিফ তার স্ত্রীর চাচাতো বোনকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে সিলেটে নিয়ে যান হানিফ। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।
পরে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি হানিফকে জানানোর পর তিনি তরুণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
তরুণীর অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ একাধিকবার তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য চাপ দেন ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার ওই তরুণী মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। পরে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম