জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন নেত্রকোনা জেলার মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম।
একই মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং তৃতীয় হয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। ২০২৬ সালের মার্চ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়।
শুক্রবার দিবাগত-রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, নির্ভুল ও দ্রুত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রথম, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা দ্বিতীয় এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের মধ্যে।
ইউএনও নাদির হোসেন শামীম বলেন, 'এই অর্জন দলগত প্রচেষ্টার ফল। উপজেলাকে আধুনিক ও জনবান্ধব করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম