নেত্রকোনার মদনে সাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জানুসহ ৪ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা।
নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেয়ার কারনে তাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। চার শিক্ষক হল, প্রধান শিক্ষক কামরুল হাসান জানু, সহকারি শিক্ষক মোক্তাদির, হেভেন চৌধুরী ও নাহিদা আক্তার।
জানা যায়, সরকারি নির্ধারিত সময়ের আগেই সোমবার সাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হয়। ছুটি হওয়ার পর রাস্তায় শিক্ষার্থীদের দেখতে পান কয়েকজন স্থানীয় সংবাদ কর্মী। সংবাদকর্মী বিদ্যালয়ে পৌঁছে বিকাল ৩.১০ মিনিট । বিদ্যালয়ে স্থানীয় সংবাদকর্মী পৌঁছে প্রধান শিক্ষক কামরুল হাসান জানু ও সহকারী শিক্ষক মোক্তাদিরকে বিদ্যালয়ে দেখতে পায়। তবে এসময় তারাও বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন।
সরকারি নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি ও বাকী শিক্ষকরা কোথায় আছে বিষয়টি প্রধান শিক্ষক কামরুল হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন, একজন শিক্ষক মাথা ব্যথা থাকায় চলে গেছেন আর একজন শিক্ষকের ছেলে অসুস্থ’ তিনিও চলে গেছেন তাই দুইজন শিক্ষকের পক্ষে ছাত্রছাত্রীদের কন্ট্রুল করতে পারব না তাই ছুটি দেয়া হয়েছে। পরে এ বিষয়টি স্থানীয় সংবাদ কর্মকর্মীরা শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে প্রধান শিক্ষক কামরুল হাসানসহ ৪ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষক কামরুল হাসান বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থী দিন দিন ঝড়ে পরছে। তিনি বিদ্যালয়টি মনগড়াভাবে পরিচালিত করছেন। তার একটি কিন্ডার গার্টেন থাকায় বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী তার স্কুলে ভর্তি করান। শুধু তাই নয় তাদের উপবৃত্তির ব্যবস্থাও করেন। অনলাইনের হাজিরার আগে তিনি দশটা থেকে সারে দশটায় বিদ্যালয়ে আসতেন। তিনি এ পর্যন্ত নিজে কোন ক্লাস নেন না। একক ক্ষমতা বলে যে কোন সময় বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান। বিদ্যালয়ে কোন উন্নয়ন মূলক কাজ আসলে অভিভাবকদের সাথে কোন ধরনের পরামর্শ করেন না। বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এমন প্রধান শিক্ষকের বদলি চান তারা।
শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, প্রধান শিক্ষক কামরুল হাসান সরকারের নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়েছিলেন। তিনি দুইজন শিক্ষককে আগেই ছুটি দিয়েছেন এবং প্রধান শিক্ষক কামরুল ও সহকারি শিক্ষক মোক্তাদিরর বাড়িতে আসতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিকাল ৩,১০ ঘটিকা। তাই প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছি। তারাই কারণ ব্যাখ্যা করবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম