নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঘোলকুড়ি এলাকা থেকে দেলোয়ার হোসেন(৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার ভোররাতে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন তিনি। সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত দেলোয়ার হোসেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘোলকুড়ি গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাতে স্বামী স্ত্রী দু'জনেই রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে স্ত্রীর সাথে পারিবারিক খুটিনাটি বিষয়াদি নিয়ে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পাশের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয় দেলোয়ার হোসেন। স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে স্ত্রী চিৎকার করে উঠলে পাশের বাড়ির লোকজন এসে থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় দেলোয়ারের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম