হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকার পরও রোগীদের তা না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় এক ভুক্তভোগী রোগীর কেনা স্যালাইনের টাকা নিজ পকেট থেকে ফেরত দিয়েছেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নার্স এবং ৪৫ মিনিট দেরিতে কর্মস্থলে আসা এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এতদিন ১০০ শয্যার হিসাবে খাদ্য বরাদ্দ দেওয়া হতো। এই সংকট কাটাতে রোগীপ্রতি বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হচ্ছে। তিনি বলেন, গত ১৭ বছরের অনিয়ম ও জবাবদিহিতাহীনতা কাটিয়ে বিগত ছয় মাসে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু হয়েছে।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, শিগগিরই আড়াই হাজার নার্স, আড়াই হাজার ফার্মাসিস্ট ও ৫ হাজার চিকিৎসকসহ ৯ হাজার ৫০০ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি জেলা সদর হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করা হবে। আগামী তিন মাসের মধ্যে জেলা পর্যায়ে এ সেবা চালু হলে প্রতিদিন প্রায় ১৮০ জন রোগী সুবিধা পাবেন।
এছাড়া নিবন্ধনের শর্ত না মানা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম বন্ধে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের সমন্বয়ে দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান জোরদারের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম