সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। অশ্রুসজল নয়নে, স্বজন ও সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় নিজ নিজ গ্রামে তাঁদের দাফন সম্পন্ন হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে একযোগে এই সাত বীর রেমিট্যান্সযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাত ১টার দিকে সাতজনের মরদেহ আত্রাইয়ে আনা হয়। শুক্রবার সকালে জানাজার আগে প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে হাজারো মানুষ ভিড় জমান। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
মরদেহে শেষ শ্রদ্ধা ও জানাজায় অংশ নেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হলে শোকাবহ পরিবেশে স্বজনরা নিজ নিজ গ্রামে নিয়ে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করেন।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করা হয়েছে এবং সরকারের এই সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অগ্নিকাণ্ডে নিহত বাকিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুতগতিতে চলছে বলে তিনি নিশ্চিত করেন।
সৌদি দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত সাত প্রবাসী হলেন,আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ (পিতা: ময়েন উদ্দীন), গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক (পিতা: সাইদুর রহমান), মোহন আলী ও সুমন আলী (পিতা: গুফফার প্রামাণিক), কলিমুদ্দিন (পিতা: বজলুর রহমান), ডুবাই গ্রামের সোহেল রানা (পিতা: বাদল তরফদার) এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার (পিতা: তমেজ উদ্দিন সরদার)।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম