ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যাবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় তা ততই ইতিবাচক ভূমিকা রাখবে।
শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইএসডিও যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের আশপাশে থাকা পুকুর, জলাশয় এবং বৃষ্টির পানিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।
প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণকে পরিবেশের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি যত্রতত্র প্লাস্টিক না ফেলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার তাগিদ দেন। এছাড়া ইটভাটার ধোঁয়ায় ক্যান্সারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের জন্য ইটের প্রয়োজন রয়েছে। তবে পরিবেশের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রেখে কাজ করতে হবে। সরকার প্রচলিত ইটের পাশাপাশি ব্লকসহ পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহারের পরিকল্পনা করছে।
বরেন্দ্র অঞ্চলের পানির সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গ্রীষ্মকালে অতিরিক্ত খরা ও দাবদাহে পানির চাহিদা বেড়ে যায়। এ অঞ্চলের সুপেয় ও গৃহস্থালি পানির চাহিদা পূরণে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সব জনপদের মৌলিক সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন তিনি।
সভা শেষে পানিহারা গ্রামের জাবঠাপাড়ায় একটি টেকসই জ্বালানি ও জলবায়ু সহনশীল বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন এবং ইএসডিও-এর ইনচার্জ কলি ইয়াসমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম