ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল পোশাক শ্রমিকদের আন্দোলনে ঢুকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মো. শফিকুল ইসলাম খান বলেন, যারা এসব কাজ করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের অনেকেই রাজনৈতিক দলের পদধারী নেতা। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে—তাদের আইনের আওতায় আনা হবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম