রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।
তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে বাসটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পায়।
এসআই হাসান রহমান আরও জানান, বাসটির চালক ও হেলপারের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে তারা বাসটি ওই স্থানে পার্কিং করে খাবার খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম