শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদন স্বাস্থ্যকমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন


মদন (নেত্রকোনা)সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-06-11
মদন স্বাস্থ্যকমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নেত্রকোনার মদনে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে দিলোয়ারা (৫০) নামের এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ দেওয়া হয়েছে।

রোগীর স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দিলোয়ারা আক্তার  জ্বর, পাতলা পায়খানা ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে- গত শনিবার (৬ জুন) ১১ টার দিকে চিকিৎসার জন্য মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। পরে তাকে ভর্তি করে তিন তলায় ওয়ার্ডে নিয়ে গেলে দুপুর দুইটার দিকে মারা যান তিনি। দিলোয়ারা উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত কাসুম আলীর স্ত্রী। 

রোগীর ছেলে রনি মিয়া ও ভাতিজা মিস্টার মিয়ার অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। দিলোয়ারার ছেলেসহ অন্য স্বজনরা বার বার দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের কাছে যান। কিন্তু আসতেছি বলে দু'তিন ঘন্টা অতিবাহিত হলেও কোন ডাক্তার বা নার্স রোগীর চিকিৎসা দেননি। পরে মারা যাওয়ার খবর পেয়ে তাড়াহুড়ো করে চিকিৎসক ও নার্সরা সেলাইন ও ঔষধ নিয়ে যান। এ নিয়ে তারা ওই সময়ে কমপ্লেক্সে কর্মরত ব্যাক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এছাড়াও রোগীর বয়স নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দায়িত্বরত চিকিৎসকের বক্তব্য অনুযায়ী রোগীর বয়স ৯০ বছর অথচ ওই চিকিৎসকের দেওয়া চিকিৎসাপত্রে রোগীর বয়স ৭০ বছর। রোগীর স্বজনদের বক্তব্য- এনআইডি কার্ড অনুযায়ী রোগীর বয়স ৫৩ বছর। তদন্ত কমিটির কাগজপত্র ও মৃত্যু সনদে দিলোয়ারা আক্তারের বয়স ৫০ বছর দেখানো হয়েছে।

এরই প্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে মদন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান ৮ জুন ডা. মোঃ আশিক ইকবালকে প্রধান করে এবং ডা. নয়ন চন্দ্র ঘোষকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এতে বলা হয় ৭ দিনের মধ্যে ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক কমিটির মতামতসহ তদন্ত প্রতিবেদন অত্র কার্যালয়ে  দাখিল করার জন্য কমিটিকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডা. মোঃ ইহসানুল করিম তানজীম, ডাত্তার দিলশাদ নাসিম ও নার্সিং সুপার ভাইজার অসিমা রায়। 

এ ব্যাপারে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, সিভিল সার্জন স্যারের নির্দেশে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

নেত্রকোনা সিভিল সার্জন ডা. গোলাম মওলা জানান, চিকিৎসকদের অবহেলায় একজন নারী মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত স্বাস্থ্য  ও প: প: কর্মকর্তা ডা. নূরুল হুদা খান ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এ ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে কোনভাবেই ছাড় নয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম