বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দর্শনায় একই স্থানে দুই দফা ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-11-18
দর্শনায় একই স্থানে দুই দফা ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর

চুয়াডাঙ্গার দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে একই স্থানে পরপর দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত রফিকুল ইসলামের ছেলে সাবেক চেয়ারম্যান আল ইমরান টাইগার মঙ্গলবার তিতুদহ এলাকায় নারীঘটিত একটি বিষয়ে সালিশ শেষে নিজ এলাকায় ফিরছিলেন। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে একদল সশস্ত্র ডাকাতদস তার গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে তাকে ও গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে মারধর করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়।

ঘটনার খবর পেয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হন। তবে সেখানে পৌছানোর পথেই একই স্থানে তিনিও ডাকাতদলের কবলে পড়েন। এ সময় তার গাড়িতে থাকা যাত্রীরাও মারধর ও লুটপাটের শিকার হন বলে জানা গেছে। পরপর দুই দফা ডাকাতির ঘটনায় দুই সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। দুই ঘটনায় লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

একই স্থানে পরপর দুই দফা ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করেছেন। ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম