চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ৯৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক মো. দবির উদ্দিন (৫৫) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।
শনিবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত স্বর্ণগুলোর ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম