কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় অগ্নিকাণ্ডের ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তর।
এর আগে, শনিবার সকাল সাতটার দিকে রিসোর্টটির রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর পরপরই সেখানে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভেতরে থাকা ব্যক্তিরা বিপাকে পড়েন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টটি কাঠের তৈরি। এতে মোট রুম ছিল ৯টি। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিন রুমের পর্যটক চেকআউট হয়ে চলে যান। বাকি ৬ রুমে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৪ থেকে ৫ জন বের হতে পেরেছেন। তবে বাকিদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম