ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের কুষ্টিয়ার বাসা থেকে দরজা ভেঙে কাজের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া কাটাইখানা মোড় সংলগ্ন আব্দুল জব্বার সড়কে প্রকৌশলী তারেকের বাসা থেকে রুবিয়া (১৫) নামের একজন কাজের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় মাস দুই আগে রাজবাড়ী জেলার পাংশা এলাকার মোঃ নবী'র মেয়ে রুবিয়া প্রকৌশলী তারেকের বাসায় কাজ করতে আসে। রবিবার সন্ধ্যার দিকে জানালা দিয়ে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম, সন্ধ্যা ৬ টার দিকে বিষয়টি জানতে পেরেছি। আমার বাসার নিচতলায় একটা গেস্টরুম রয়েছে। সে গেস্টরুমে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিলো, পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ বের করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে গেছে।
কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। মৃতের স্বজনদের জন্য আমরা অপেক্ষা করছি। তারা আসলে তাদের বক্তব্য শুনে আইনানুযায়ী যেটা পাবো সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে আমাদের কোনো দ্বিধাবোধ নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম