নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার অংশ হিসেবে এক হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের চাল এবং অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতি ৩০ কেজি করে চাল ও ১৬ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ছাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আত্রাই থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ এবং আত্রাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুস্থ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই এই মানবিক সহায়তার আয়োজন।
ত্রাণের চাল ও স্কুল ব্যাগ বিতরণ শেষে প্রধান অতিথি আত্রাই থেকে বান্দখাড়া জিসি সড়কে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম