নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি পর্যটককে হেনস্তা ও হয়রানির অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের একটি যৌথ দল পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক বিদেশি নাগরিক। সেখানে অবস্থানকালীন তার সঙ্গে অসদাচরণ ও হেনস্তার অভিযোগ ওঠে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’র বিরুদ্ধে। বিষয়টি টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের নজরে আসলে নওগাঁর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় তাৎক্ষণিক যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পাহাড়পুর এলাকা থেকেই তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।
টুরিস্ট ও জেলা পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট বিদেশি নাগরিকের অভিযোগ এবং ঘটনার পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার গর্ব এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও গবেষক প্রতিনিয়ত আসেন। কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থীকে কেউ হেনস্তা, হয়রানি কিংবা বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
উল্লেখ্য, পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ায় প্রতি বছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন। এমন একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বিদেশি নাগরিককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতারের ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম