বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

​নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার


​উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2026-06-21
​নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

​নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ বা বিশেষ কেমিক্যাল স্প্রে করে বয়স্ক নারীদের অলংকার ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২১ জুন) বিকাল ৩টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

​গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের আবু হাসান, বাবু ও সবুজ। 

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে এই চক্রের মূল আস্তানা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায়। দেশজুড়ে তাদের অন্তত ৮ থেকে ১০টি গ্রুপ সক্রিয় রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামের কেমিক্যাল প্রয়োগ করে সর্বস্ব লুটে নেয়। ইতিমধ্যে এই চক্রটি নওগাঁ, নারায়ণগঞ্জ ও খুলনাসহ বিভিন্ন জেলায় অন্তত ১০টি বড় ধরনের অপরাধ সংঘটিত করেছে।

​অপরাধের কৌশল সম্পর্কে পুলিশ সুপার বলেন, এই চক্রটির প্রধান টার্গেট মূলত বয়স্ক নারীরা। ঘটনার শুরুতে চক্রের একজন সদস্য অভিনয় করে ভিকটিমের কাছে গিয়ে কোনো বিষয়ে সাহায্য চায়। এরপর দ্বিতীয় আরেকজন এসে ভিকটিমকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে। ঠিক এই সুযোগে তৃতীয় সদস্য এসে ভিকটিমের মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ বা বিশেষ কেমিক্যাল স্প্রে করে দেয়।

​কেমিক্যাল প্রয়োগের পরপরই ভিকটিম একপ্রকার সম্মোহিত বা অবশ হয়ে পড়েন এবং অপরাধীদের কথামতো নিজের শরীরে থাকা সোনার অলংকার ও সাথে থাকা টাকা-পয়সা নিজে থেকেই তাদের হাতে তুলে দেন। কেমিক্যালের প্রভাব কেটে যাওয়ার পর ভিকটিম বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।

পুলিশ জানায়, এই চক্রটির বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় এ সংক্রান্ত মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন এবং নওগাঁ ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাবিব প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম