বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ২১, ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় রেললাইনের পাশে হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ উদ্ধার


উত্তাল মাহমুদ,স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2026-06-17
নওগাঁয় রেললাইনের পাশে হজ এজেন্সি প্রতিনিধির মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার পরিবার তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে।

​নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, নিয়ামুল বছির মক্কা হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে নওগাঁ ও বাগমারায় অফিস পরিচালনা করতেন। কর্মসূত্রে তিনি সপরিবারে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার সকালে অফিসের কাজে তিনি বাড়ি থেকে বের হয়ে বাগমারা যান। সন্ধ্যায় স্ত্রী-কে মুঠোফোনে জানান, তিনি আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এবং নওগাঁয় ফিরে এশার নামাজ পড়বেন। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিংয়ের অদূরে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে আছে।

​নিহতের পরিবারের দাবি, নিয়ামুল বছিরকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের কাছে থাকা ব্যাগ, টাকা ও হাতঘড়ি অক্ষত থাকায় এটি ছিনতাইয়ের ঘটনা নয় বলে ধারণা করছেন তারা। আশরাফুল ইসলাম বলেন, আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

​এ বিষয়ে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম