নওগাঁয় চলন্ত বাসের লাগেজ বক্সের ঢাকনার (ব্যাগডালা) আঘাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশার নওসাদ (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই শিশু যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন, ২০২৬) সকাল ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে 'শাহ সুলতান' পরিবহনের একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি কিছু দূর এগিয়ে তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত সেটির লাগেজ বক্সের ঢাকনাটি (ব্যাগডালা) হঠাৎ খুলে বাইরের দিকে চলে আসে।
ঠিক ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সামনে বাসের খোলা ঢাকনাটি সজোরে আঘাত করে। এতে অটোরিকশার সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওসাদের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা দুই শিশু মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,
বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম