পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সাথে বিভিন্ন দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ ও সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সর্বমোট ৫ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের পুনর্বাসনের জন্য ২১ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩৬ হাজার টাকা দেওয়া হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫১ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের গরিব ও অসহায় মানুষের পাশে আছেন। পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই সরকারের এই মানবিক উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও ঈদে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে প্রকৃত উপকার ভোগীদের বাছাই করে এই অর্থ ও দুর্যোগ সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদের আগে এই সহায়তা প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে।
নগদ অর্থ ও ঢেউটিন হাতে পেয়ে বেশ কয়েকজন উপকারভোগী সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের ঠিক আগে এই সহায়তা পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে কিছুটা হলেও ভালোভাবে ঈদ উদযাপনের সুযোগ পাবেন এবং দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম