"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বুধবার (আজ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু আনাছের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার,আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। ৩০টি স্টলে নানা প্রজাতির প্রাণী প্রদর্শন প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ছিল মানুষের নজর কাড়া উপস্থিতি।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের প্রাণী স্থান পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন জাতের গাভী ও ষাঁড়,ছাগল, ভেড়া, গাড়ল ও দুম্বা,বিভিন্ন প্রজাতির মুরগী, কবুতর ও পাখি। প্রদর্শনীতে খামারিরা তাদের উন্নত জাতের প্রাণীগুলো প্রদর্শন করেন এবং দর্শনার্থীদের কাছে সেগুলোর পরিচর্যা ও পালন পদ্ধতি সম্পর্কে তথ্য দেন।
অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ী খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর আশা করছে, এই ধরনের আয়োজন খামারিদের মধ্যে আরও উৎসাহ জোগাবে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম