নওগাঁয় সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর খেলায় জয়লাভের পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবল টিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আত্রাইয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের শিক্ষক কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
জানা যায়, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিপক্ষ সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অভিযোগ উঠেছে, খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা যখন ফিরছিলেন, ঠিক তখনই সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ খেলোয়াড়বৃন্দ এবং তাদের একদল সহযোগী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
এই বর্বরোচিত হামলায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলোয়াড় তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ আর-ও অনেকে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহত খেলোয়াড়রা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল আত্রাইএই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সাজু মৃধা, রিফাত, রাহুল, জিহাদ ও সাজুর নেতৃত্বে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন
মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে কলেজ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে এই ঘৃণ্য ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান। অবিলম্বে হামলায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক-এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সহানুভূতির সাথে বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। খেলাধুলা হলো সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক, এমন দুঃখজনক ঘটনা খেলার চেতনাকে আঘাত করে।
তিনি আরও জানান, পরিবেশ দ্রুত শান্ত ও স্বাভাবিক করার লক্ষ্যে প্রশাসন কাজ করছে। "এই লক্ষ্যে, আমরা উভয় কলেজের অধ্যক্ষ মহোদয় এবং রাণীনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সচেষ্ট থাকব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম