নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে প্রকাশ্যে চলছে মাদক কারবার।পাঁচুপুর ইউনিয়নের ভুট্টু মাঝির বিরুদ্ধে এ মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও নওগাঁ জেলার আত্রাইসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলে মাদক কারবার।
মূলত, করোনার সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় এ উপজেলার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে বলে জানান এলাকাবাসী।
বিভিন্ন সূত্রে জানা যায়, পাঁচুপুর ইউনিয়নে ভুট্টু মাঝি দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছেন। এছাড়া, তিনি নিজ বাড়িতে মাদক সেবনের আখড়া বসান। বিভিন্ন জায়গা থেকে তার কাছে মাদক সেবনের জন্য স্কুল-কলেজের ছাত্রসহ উঠতি বয়সের ছেলেরা আসে। তার সাথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ থাকায় ভয়ে কেউ মুখ খুলতে চায় না।পূর্বে যারা তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাদেরকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভুট্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি মাদকের সঙ্গে জড়িত কিনা সেটা থানা জানে। আপনি সংবাদ প্রকাশ করে কিছু করতে পারবেন না।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম