নওগাঁর পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে আব্দুস সামাদ (৩৫) ও আব্দুর নূহ (৫৫) নামে দুই কৃষক মারা গেছেন। আহত হয়েছেন আরও এক নারী।
শুক্রবার (১৩ মে) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ পোরশার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুর নূহ রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। এসময় পোরশার নিতপুরে আব্দুর রাজ্জাকের স্ত্রী জাহানারা বজ্রপাতে আহত হন।
স্থানীয়রা জানান, সকাল থেকে আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকরা মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া আহত ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম