ঈদে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ এলাকায় অবস্থিত ঐতিহাসিক হলুদ বিহার।
ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে নওগাঁর বিভিন্ন উপজেলার মানুষরা ভিড় করছে ঐতিহাসিক স্থান ও বিনোদনকেন্দ্রগুলোতে। জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক স্থাপনা হলুদ বিহার, পাহাড়পুরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো এখন মানুষের পদচারণায় মুখরিত।
ঈদের দিন বিকেল বেলা থেকে শুরু করে বুধবার ঈদের পরদিনেও প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে ছোট-বড়দের উপচেপড়া ভিড়। দর্শনার্থীদের ঈদের আমেজকে বাড়িয়ে দিতে বিনোদন কেন্দ্রগুলোও সাজানো হয়েছে নতুন সাজে।
কোভিড-১৯-এর কারণে ২ বছর বন্ধ থাকার পর ঈদের ছুটির সঙ্গে এবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় আনন্দ-উপভোগের বাড়তি সুযোগ মিলেছে কর্মব্যস্ত মানুষদের। ঈদের দিন বিকেল থেকেই শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে বদলগাছী উপজেলার হলুদ বিহারে এলাকায় জনস্রোত ছিল চোখে পড়ার মতো।
এখোনে অনেক পর্যটক আশায় খুশি ব্যবসায়ীরা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, আগের দুই বছর পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় ঈদসহ বিভিন্ন উৎসবে মানুষজন না আসায় ব্যবসা মন্দা ছিল। তবে এবার অনেকটা পুষিয়ে নিতে পারছি আমরা।
ঘুরতে আসা জৈনক রায়হান বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারসহ ঘুরতে এসেছি। হলুদ বিহার এই অঞ্চলের ঐতিহাসিক দর্শনিয় স্থান। লোকসমাগম দেখে ভালোই লাগছে।
সাদিকুর রহমান বলেন, হলুদ বিহার খুব সুন্দর একটি জায়গা। দেখলে মন ভরে যায়। সময় পাইলে আবার এখানে আসবো।
এ বিষয়ে বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, ইউনিয়নে একমাত্র বিনোদন এবং ঐতিহাসিক নিদর্শন এই হলুদ বিহার। অবিলম্বে বিহারটিকে দ্রুত সংস্কার করার প্রয়োজন। নতুবা কালের বিবর্তনে হারিয়ে যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম