নওগাঁর পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলার সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হল- তালুকদার সেমাই, মেসার্স ভাই ভাই সেমাই, চাঁদ পুকুর মেশিনারিজ ডিসপেন্সারি, মধইল ফিলিং স্টেশন ও হাজী ফিলিং স্টেশন।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক মো. শামীম হোসেন জানান, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাই বাজার স্থিতিশীল রাখতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আমরা প্রতিদিনই জেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এরই অংশ হিসাবে আজ সোমবার পত্নীতলা উপজেলায় মধুইল,চাঁদ পুকুর ও মাহমুদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন প্রক্রিয়া ৪৩ ধারায় তালুকদার সেমাই ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই সেমাই ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি ৫১ ধারায় ৫ হাজার টাকা, বাটখারা ওজন পরিমাপ যন্ত্রের কারচুপি ৪৭ ধারা ৩০ হাজার টাকা ও হাজী ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও পত্নীতলা থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম