আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, খাদ্য সঙ্কটের কারণে এক সময় আমদের ভিক্ষুকের জাতি বলতো বিদেশিরা। কিন্তু এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না। এখন আমাদের দেশে খাদ্য উদ্বৃত্ত থাকে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
মৌলভীবাজার জেলা আ.লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী ২ বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার তাগিদ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, একটানা আমরা ১৩ বছর ধরে ক্ষমতায় আছি। এ সময়ের মধ্যে আমাদের নেতৃত্বের মধ্যে অনেক প্রতিযোগিতা হয়েছে। আর এ নেতৃত্বের প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। এ বিষয় খেয়াল থাকতে হবে। তিনি আরও বলেন, ৩০ লাখ মানুষের ঘরবাড়ি তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, গত ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এ ত্রুটিগুলো সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের হাতে দেশের ভবিষ্যৎ। পাকিস্তান এখনো চায় না এ দেশ এগিয়ে যাক। আর তাই এ দেশে বিএনপি-জামায়াত পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করছে।
সোমবার বিকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
প্রতিনিধি সভায় জেলা ও উপজেলার আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম