রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিল্প-সাহিত্য

‘আছাব বানু’: কেবল একটি উপন্যাস নয়, এক সাংস্কৃতিক-দার্শনিক সফরও


আবু বকর মু. মুঈনউদ্দিন
DhakaReport24.com || 2026-05-19
‘আছাব বানু’:  কেবল একটি উপন্যাস নয়, এক সাংস্কৃতিক-দার্শনিক সফরও

ফয়েজ আলমের আছাব বানু আসলে আর দশটা উপন্যাসের মত কোনো সাধারণ উপন্যাস না| এটি একধরনের দার্শনিক প্রতিরোধ, যেখানে ভাষা, ধর্ম, সমাজ ও মানুষের অস্তিত্ব সবকিছু একসাথে পুনর্বিবেচিত হয়| উপনিবেশি আমলে বদলে যাওয়া ভাষা ও চিন্তার কাঠামো আমাদের যে-মানসিক বন্দিত্বে আটকে রেখেছে, এই উপন্যাস পয়লা আঘাত করে সেই জায়গাতেই | ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতদের তৎপরতায় বানানো পোষাকী প্রমিত বাংলার বদলে এই উপন্যাস কথা বলে সাধারণ মানুষের ভাষায়, জনমানুষের প্রতিদিনের বুলিতে| এই ভাষায় লেখা উপন্যাসটি পড়তে গিয়ে শুরুতে অস্বস্তি লাগতে পারে, কারণ আমাদের চিন্তার ভিতটাই উপনিবেশি চিন্তা ও ভাষার ছাঁচে গড়া| কিন্তু কয়েক পৃষ্ঠা পড়ার পরে পাঠক নিজের অজান্তেই এই ভাষার তাললয়ের সাথে মিলিয়ে নিবেন| তার মনে হবে, আরে, এটিই তো আসল বাংলা ভাষা, এটিই তো অজস্ত্র মানুষের চিন্তার আর বেঁচে থাকার ভাষা| আমি বলতে চাচ্ছি ‘আছাব বানু’ উপন্যাসের ভাষা শুধু যোগাযোগের মাধ্যম না, বরং এক ধরনের জ্ঞানতাত্ত্বিক মুক্তিও (epistemic liberation)|

উপন্যাসটি সামাজিক ও ধর্মীয় ট্যাবু ভেঙ্গে ফেলে, কিন্তু এজন্য ধর্মকে প্রতিপক্ষ বানাতে হয় না, বরং ধর্মেও সামাজিক তাফসির পুনপাঠের মধ্য দিয়ে পুনরায় পাঠ করে গোটা সমাজকে| উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র মোস্তারা বেগমের উক্তির “হিন্দু মুসলমান যাই হোক, মানুষ তো!” এই এক লাইনের মধ্যেই ধর্মীয় পরিচয়ের উপরে মানবিকতার দার্শনিক অবস্থান দাঁড়িয়ে যায়| এখানে ধর্ম কোনো বিভাজনের যন্ত্র না, বরং এক ধরনের অন্তর্নিহিত নৈতিক বোধ, যা মানুষকে মানুষ হিসেবে চিনতে শেখায়| এই দৃষ্টিভঙ্গি বাপন্থী ও ইউরোপীয় আধুনিকতার সেই সরলীকৃত “ধর্ম বনাম প্রগতি” দ্বন্ধকে ভেঙে দিয়ে দেখায় সমস্যা ধর্মে না, বরং তার সামাজিক তাফসিরে, ক্ষমতা-কাঠামো কর্তৃক তার ব্যবহারে| উপন্যাসটিতে এই দৃষ্টিভঙ্গি থেকেই ধর্মের সামাজিক তাফসিরের এক ধরণের পুন:পাঠও হাজির করা হয়েছে|  

আছাব বানুর চরিত্রটি নিজেই এক ধরনের অস্তিত্ববাদী সফর| ছোঁয়াচে রোগে আক্রান্ত হওয়ার কারণে নিজ পরিবার তাকে ঘর থেকে বের করে দেয়, দূরে ফসলি খেতের আইলে একটা ছাপড়া বানিয়ে ওখানে রেখে আসে তাকে| স্বামী ও আত্বীয়স্বজন কর্তৃক তাকে বর্জনের বিষয় এবং এর পরের নানা ঘটনার মধ্য দিয়ে সে এক নতুন আত্ম-উপলব্ধি খুঁজে পায়| গুটি বসন্তে আক্রান্ত আছাব বানুকে ঘর থেকে বের করে দেয়া কেবল ঘর থেকে বের করে দেয়া না, বরং ‘অপর’ বানিয়ে দেয়ার (othering) একটি সামাজিক প্রক্রিয়া| এ অবস্থায় সে নিজের ভিন্ন পথ বেছে নেয়| দূরে কোথাও গিয়ে শান্তিতে মরার জন্য অন্ধকার রাতে অজানার পথে বের হয়ে যায়| কিন্তু মরে না, বেঁচে থাকে| দূরবর্তী অঞ্চলের এক গ্রামের জনৈক আধ্যাত্মিক ব্যক্তিত্ব মোস্তারা বেগমের সহযোগিতায় শিকড়-ডালপালা মেলে প্রবলভাবে বেঁচে থাকে| সে পরিণত হয় স্বাধীন মানুষে| 

ধর্মের মধ্যে থেকেও ধর্মের সামাজিক তাফসির অমান্য করে, রোজা থেকেও বিড়ি খায়| সমাজের ক্ষমতাকাঠামোর সাথে সংঘাতে জড়ায়, পুরুষ মানুষের সাথে মিলে হাওড়ে কাজ করে| আবার দিনশেষে নিজের মুখোমুখি বসে আল্লাহকে চিনার চেষ্টা করে, কোন কোন দিন জিকিরে মশুগুল হয়| 

নিজ মেয়ে কার্তিকাকে নিয়ে স্বামীর সাথে সংঘাত মামলা-মোকদ্দমায় পিছপা হয় না আছাব বানু| শেষ পর্যন্ত ডিভোর্স নিয়ে মেয়েকে কাছে রাখার অধিকার লাভ করে সে| সামাজিক ক্ষমতাকাঠামো, পুরুষতান্ত্রিকতা, ধর্মের ব্যক্তিক সুবিধাজনক তাফসির--এই সমস্ত কিছুর সাথে লড়াই করে জীবনের পূর্নতার দিকে এগোয় সে| এরমধ্যে আলাউদ্দিন নামের এক বিবাহিত পুরুষের সাথে ঘনিষ্টতার সূত্রে সমাজ নিষিদ্ধ প্রেম ও শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়ে| কিন্তু এই সম্পর্ককে সে পাপ বা নিষিদ্ধ ভাবে না, বরং ব্যক্তিক পছন্দের বিষয় মনে করে| কিন্তু যখনই সে আলাউদ্দিনের স্ত্রীর ভয়াবহ মনোকষ্টের কথা জানতে পারে তখনই সে মানবিক দায়বোধে তাড়িত হয়ে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসে| ফলে তার জীবন প্রায় শুন্যতায় পর্যবসিত হয়| এইরকম দু:সময়ে গৃহী বৈষ্ণবী বিধবা সুন্দরী দিদির সাথে এক আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠে তার| প্রথম জীবনে স্বামী-সংসার কর্তৃক তাকে বর্জন, আবার সংসার গড়ে তোলা, বৈরি চারপাশের সাথে অনবরত লড়াই, পাশাপাশি নিজবুঝের মধ্যে খোদায়ী চিন্তা তাকে উপন্যাসের শেষে জীবন সম্পর্কে এমন এক উপলব্ধির দিকে ঠেলে দেয় যা আর দশটা সাধারণ মানুষের বুঝের মত নয়| এর ফলে ‘আছাব বানু’ উপন্যাসের পরিণতিও হয়ে উঠে ‘অসাধারণ’ এবং অপ্রচলিত ধরনের| এই জায়গায় এসে উপন্যাসটি দেখায়, মানুষ শুধু সামাজিক ও ক্ষমতাকাঠামোর নির্জীব শিকার হয়ে থাকে না, বরং ভেতরের শক্তিতে লড়াই করে নতুন অস্তিত্ব নির্মাণ করতে পারে|

উপন্যাসের আরেকটা গুরুত্বপুর্ণ দিক হলো গ্রামীণ বাংলার তাবিজ, ঝাড়ফুঁক, মাজার এইসব চর্চা লেখক কুসংস্কার হিসেবে বাতিল করেন না, আবার অন্ধভাবে মহিমান্বিত করে না| বরং এগুলোকে দেখান মানুষের সামাজিক-সাংস্কৃতিক অভিজ্ঞতার অংশ হিসেবে  যেখানে বিশ্বাস, চিকিৎসা, আধ্যাত্মিকতা সব একসাথে মানবিক জীবনের মধ্যে মিশে থাকে| আছাব বানু ও তার সমাজনিষিদ্ধ প্রেমিক আলাউদ্দিনের  সংলাপে ‘আল্লাহ কই?’  ‘মানুষের ভিতরেই আল্লাহ’ এই যে মারফতি দৃষ্টিভঙ্গি, এটা আসলে বাংলার জনসমাজের আধ্যাত্মিক দর্শনের এক গভীর প্রকাশ, যেখানে ঈশ্বর কোনো বাহ্যিক সত্তা না, বরং মানুষের ভেতরের নৈতিক ও চৈতন্যগত উপস্থিতি|

‘আছাব বানু’ প্রমাণ করে গল্প মানে শুধু মনোরঞ্জক কাহিনী বলা না; গল্প মানে মানুষের অভিজ্ঞতার স্তরগুলোকে উন্মোচন করা| এ উপন্যাসে কোনো আইডিয়ার উপর ‘বানানো’ হয়নি কোনো আরোপিত আইডিয়া নেই, চরিত্র নিজের মতো করে বেড়ে ওঠে—যা বড় উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য| এই উপন্যাস বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে শুধু তুলে ধরে না, বরং তার ভেতরের দ্বন্ধ¦, দুর্বলতা ও সম্ভাবনাকে একসাথে বিশ্লেষণ করে| ফলে এটি শুধু সাহিত্য নয়, এটি একটি দার্শনিক দলিল, যা আমাদের শেখায় নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এবং নিজের অভিজ্ঞতার ভেতরেই মুক্তির পথ লুকিয়ে থাকে|

"আছাব বানু" উপন্যাস পড়ার পর উপন্যাসে নিহিত বিশ্বাস ও আমার উপলব্ধি: "আছাব বানু" ধর্ম, সমাজ, ভাষা ও চরিত্র: একটি উপন্যাসের দার্শনিক-সামাজিক পাঠ।

১: সাহিত্য, বাস্তবতা ও চিন্তার কাঠামো

সাহিত্যকে আমরা অনেক সময় কেবল নান্দনিক অভিজ্ঞতা হিসেবে দেখি| কিন্তু কিছু সাহিত্যকর্ম এমন থাকে, যেগুলোকে কেবল গল্প হিসেবে পড়ে শেষ হয়ে যায় না; বরং সেগুলো হয়ে ওঠে সমাজ ও মানুষের অস্তিত্বের গভীর ব্যাখ্যা| আলোচ্য ‘আছাব বানু’ উপন্যাসটি ঠিক এই ধরনের এক কাজ, কেবল একটি বয়ান নয়, বরং এক ধরনের চিন্তা কাঠামো  (structure of thought)|

দার্শনিকভাবে এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে| তা হলো, বাস্তবতা কি নিজ¯^ভাবে বিদ্যমান, নাকি মানুষের বিশ্বাস, অভ্যাস, এবং সামাজিক আচারের মাধ্যমে তা নির্মিত? এই প্রশ্নটি সামাজিক নির্মাণবাদ (social constructivism)-এর কেন্দ্রে অবস্থান করে| ‘আছাব বানু’ উপন্যাসটি দেখায়, মানুষের জীবন কেবল ব্যক্তিগত পছন্দের ফল নয়; বরং তা সামাজিক রীতিনীতি, ধর্মীয় ধারণা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সমন্বয়ে গঠিত|

এই প্রেক্ষাপটে সাহিত্য এখানে বাস্তবতার প্রতিফলন না, বরং বাস্তবতার পুনর্গঠন| লেখক বাস্তবতাকে সরাসরি তুলে ধরেন না; তিনি তা ব্যাখ্যা করেন, প্রশ্ন করেন, এবং দরকারী উপদানগুলো পুনর্বিন্যাস করেন| ফলে উপন্যাসটি হয়ে ওঠে একটি জিজ্ঞাসার ক্ষেত্র, যেখানে সত্যের সন্ধান করে পাঠক নিজেই|

২: ধর্ম ও সামাজিক ট্যাবু: সংঘাতের বদলে পুন:পাঠ ও পুনর্বিন্যাস 

বাংলা সমাজে ধর্ম একটি শক্তিশালী সামাজিক কাঠামো, যা শুধু আধ্যাত্মিকতা নয়, বরং আচরণ, নৈতিকতা, এবং সামাজিক সম্পর্ক নির্ধারণ করে| সাধারণত সাহিত্যিক আলোচনায় ধর্মকে অনেক সময় সামাজিক ট্যাবুর উৎস হিসেবে দেখানো হয়| কিন্তু আলোচ্য উপন্যাসের বিশেষত্ব হলো এটি ধর্মকে প্রতিপক্ষক্ষ হিসেবে দাঁড় করায় না|

এখানে ধর্মকে দেখা হয় একটি জীবন্ত প্রক্রিয়া হিসেবে, যা সময়ের সাথে পরিবর্তিত হয় এবং বিভিন্ন সামাজিক শক্তির দ্বারা প্রভাবিত হয়| ধর্মের মূল শিক্ষার সাথে সামাজিক প্রয়োগের মধ্যে একটি ফাঁক তৈরি হয় এবং এই ফাঁকই জন্ম দেয় ট্যাবুর| ফলে সমস্যা ধর্মে নয়, বরং ধর্মের ব্যাখ্যা ও সামাজিক ব্যবহারিক প্রয়োগে|

দার্শনিকভাবে এটি Hermeneutics বা ব্যাখ্যার তত্ত্বের সাথে সম্পর্কিত| অর্থাৎ, একটি পাঠ বা বিশ্বাসের অর্থ নির্ভর করে তার তাফসির উপর| উপন্যাসটি দেখায়, ধর্মকে যদি ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তা দমনমূলক হয়ে ওঠে; কিন্তু একই ধর্ম যদি মানবিকতা ও ন্যায়বোধের আলোকে পুনর্ব্যাখ্যা করা হয়, তাহলে তা মুক্তির পথ দেখাতে পারে|

সামাজিক আচারের দিক থেকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ| সমাজে যে নিয়মগুলো আমরা স্বাভাবিক’ হিসেবে মেনে নিই, সেগুলো আসলে ঐতিহাসিকভাবে তৈরি| এই উপন্যাস সেই স্বাভাবিকতা’-কে প্রশ্ন করে এবং দেখায় যে পরিবর্তন সম্ভব, তবে এজন্য সংঘর্ষ অনিবার্য নয়,  বরং ভেতর থেকে পুনর্ব্যাখ্যা পুনর্গঠনের মাধ্যমে তা করা যায়|

৩: সামাজিক সংকটকাঠামো, আচরণ ও ক্ষমতার সম্পর্ক

উপন্যাসে উঠে আসা সামাজিক সমস্যাগুলো দারিদ্র্য, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় ভন্ডামি, শ্রেণি বিভাজন এসবকে যদি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয়, তাহলে তাদের প্রকৃত অর্থ বোঝা যাবে না| বরং এগুলো একটি বৃহত্তর সামাজিক কাঠামোর অংশ|

দার্শনিকভাবে এখানে কাঠামোবাদ (structuralism) গুরুত্বপূর্ণ| এই তত্ত্ব অনুযায়ী, মানুষের আচরণ ব্যক্তিগত ইচ্ছার ফল নয়; বরং তা সামাজিক কাঠামোর দ্বারা নির্ধারিত| উপন্যাসে চরিত্রগুলো নিজেদের সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্তগুলো সীমাবদ্ধ থাকে তাদের সামাজিক অবস্থান, শিক্ষা, এবং বিশ্বাস দ্বারা|

এখানে ক্ষমতার বিষয়টিও গুরুত্বপূর্ণ| সমাজে ক্ষমতা কেবল রাজনৈতিক না; এটি সাংস্কৃতিক, ধর্মীয়, এবং অর্থনৈতিক| Michel Foucault -এর ভাষায়, ক্ষমতা সর্বত্র বিদ্যমান এবং এটি মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে| উপন্যাসে দেখা যায়, ধর্মীয় নেতারা, সামাজিক প্রভাবশালীরা, এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী ব্যক্তিরা এই ক্ষমতার কাঠামো তৈরি করে|

এই কাঠামোর ভেতরে সাধারণ মানুষ অনেক সময় নিজেদের অবস্থাকে ‘স্বাভাবিক’ হিসেবে মেনে নেয়| এই গ্রহণযোগ্যতাই সামাজিক সমস্যাগুলোকে টিকিয়ে রাখে| উপন্যাসটি এই স্বাভাবিকতাকে ভেঙে দেয় এবং দেখায় যে সমস্যাগুলো ব্যক্তিগত না, বরং কাঠামোগত|

৪: সংস্কৃতি, লোকজ জ্ঞান ও বাংলার আত্মশক্তি

বাংলার সংস্কৃতিকে এই উপন্যাসে কোনো স্থির ঐতিহ্য হিসেবে দেখানো হয়নি| বরং এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে অতীত ও বর্তমানের মধ্যে নিরন্তর সংলাপ ঘটে|

রেমন্ড উইলিয়ামস সংস্কৃতিকে a whole way of life হিসেবে ব্যাখ্যা করেছিলেন| এই উপন্যাস পড়লে মনে হবে রেমন্ড উইলিয়ামসের ধারণা সঠিক, সংস্কৃতি আসলে গোটা একটা জীবনযাপন প্রক্রিয়াই| এখানে সংস্কৃতি শুধু উৎসব, আচার বা ঐতিহ্য না; বরং মানুষের দৈনন্দিন জীবন, সম্পর্ক, এবং বিশ্বাসের সমষ্টি যার মধ্যে সে বেঁচে থাকে|

লোকজ জ্ঞান ((folk knowledge)) এই সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ| এই জ্ঞান অনেক সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকে, কিন্তু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে| উপন্যাসে এই লোকজ জ্ঞানকে অবমূল্যায়ন করা হয়নি; বরং এটিকে জ্ঞানের একটি বিকল্প উৎস হিসেবে দেখা হয়েছে|

দার্শনিকভাবে এটি Epistemology বা জ্ঞানতত্ত্বের সাথে সম্পর্কিত| উপন্যাসটি প্রশ্ন তোলে জ্ঞান কি শুধু প্রাতিষ্ঠানিক, নাকি অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের মাধ্যমে এটি আধিপত্যশীল জ্ঞানের কাঠামোকে চ্যালেঞ্জ করে|

৫: ভাষা, ক্ষমতা ও সাহিত্যিক নবজাগরণ

ভাষা এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান| এটি শুধু যোগাযোগের মাধ্যম না; এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থান|

প্রচলিত সাহিত্যে ব্যবহৃত প্রমিত ভাষা অনেক সময় একটি নির্দিষ্ট শ্রেণির প্রতিনিধিত্ব করে| কিন্তু এই উপন্যাসে ব্যবহৃত ভাষা বাংলাদেশের সর্বাঞ্চলীয় কথ্য ভাষা, সাধারণ মানুষের ভাষা| এই ভাষা আমাদের সমাজের শ্রেণিভিত্তিক বিভাজনকে ভেঙে দেয়|

Ngũgĩ wa ThiongÕ ভাষাকে সাংস্কৃতিক মুক্তির মাধ্যম হিসেবে দেখেছেন| এই উপন্যাসেও ভাষা হয়ে উঠেছে প্রতিরোধের হাতিয়ার| এটি দেখায়, যে ভাষায় মানুষ বাঁচে, সেই ভাষাই সাহিত্যকে জীবন্ত করে তোলে| সামাজিক আচারের দিক থেকে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাষার মাধ্যমে আমরা বাস্তবতাকে বুঝি এবং ব্যাখ্যা করি| এই উপন্যাস ভাষার মাধ্যমে সেই বাস্তবতাকে পুনর্গঠন করে|

এই ভাষাগত পরিবর্তনকে একটি নবজাগরণ বলা যায়, কারণ এটি সাহিত্যকে আভিজাত্যের গন্ডি থেকে বের করে সাধারণ মানুষের কাছে নিয়ে আসে|

৬: চরিত্র, স্বাধীনতা ও দার্শনিক তাৎপর্য

এই উপন্যাসের চরিত্রগুলো কোনো পূর্বনির্ধারিত কাঠামোর মধ্যে বন্দি না| তারা  স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয়েছে| তাদের আচরণও অনেক সময় অপ্রত্যাশিত|

দার্শনিকভাবে এটি অস্তিত্ববাদ ((existentialism)-এর সাথে সম্পর্কিত| Jean-Paul Sartre--এর মতে, মানুষ প্রথমে অস্তিত্ব লাভ করে, তারপর নিজের পরিচয় তৈরি করে| এই উপন্যাসের চরিত্রগুলোও ঠিক তেমন, তারা নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের গড়ে তোলে|

এই চরিত্রগুলো নিখুঁত না; তারা দ্বন্ধে¦ ভোগে, ভুল করে, আবার শিখে| এই অসম্পূর্ণতাই তাদের বাস্তব করে তোলে| লেখক তাদের নিয়ন্ত্রণ করেন না; বরং তাদের বিকাশের জন্য একটি পরিসর তৈরি করেন, সেইখানে বিকশিত হয়েছে তারা, যেন আমাদের চারপাশের সমাজের কিছু বাস্তব মানুষ|

এই পদ্ধতিকে Organic narrative বলা যায়, যেখানে গল্পটি পূর্বনির্ধারিত না হয়ে চরিত্রের মাধ্যমে বিকশিত হয়|

দার্শনিকভাবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, মানুষ কি স্বাধীন? উপন্যাসটি সরাসরি উত্তর দেয় ‘না’, কিন্তু এটি দেখায় যে মানুষের স্বাধীনতা সীমাবদ্ধ হলেও তা সম্পূর্ণ অনুপস্থিত না| এই সীমাবদ্ধ স্বাধীনতাই মানুষের অস্তিত্বের মূল বৈশিষ্ট্য|


৭. সাহিত্য থেকে সমাজ: রূপান্তরের সম্ভাবনা

এই উপন্যাস আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে--সমাজকে বোঝা ছাড়া তাকে পরিবর্তন করা সম্ভব না| ধর্ম, সংস্কৃতি, ভাষা, এবং সামাজিক ক্ষমতাকাঠামো--এই সবকিছু একসাথে কাজ করে মানুষের জীবনকে বিকাশের দিকে নিয়ে যায়|

আমাদের কথাসাহিত্যে একরকম দুর্দিন চলছে অনেক কাল থেকে| কয়েক দশক ধরে দেদারসে মনোরঞ্জক কথাশিল্প চর্চার কারণে এ সংকট আরও প্রকট হয়ে চোখে পড়ে| এ পরিস্থিতিতে ‘আছাব বানু’ উপন্যাসটিকে কোন মানদন্ডে ও মানে দেখব আমরা সে প্রশ্নটিও জরুরি| 

আমাদের কথাসাহিত্যে একরকম দুর্দিন চলছে অনেক কাল থেকে| কয়েক দশক ধরে দেদারসে মনোরঞ্জক কথাশিল্প চর্চার কারণে এ সংকট আরও প্রকট হয়ে চোখে পড়ে| এ পরিস্থিতিতে ‘আছাব বানু’ উপন্যাসটিকে কোন মানদন্ডে ও মানে দেখব আমরা সে প্রশ্নটিও জরুরি| এই বিচারে নিদ্বির্ধায় বলা যায় আছাব বানু বাংলা উপন্যাসের ধারায় একটি স্বতন্ত্র উচ্চতা তৈরি করেছে| কারণ এটি কোনো পূর্বনির্ধারিত মতাদর্শ চাপিয়ে না দিয়ে চরিত্র, ভাষা ও জীবনঅভিজ্ঞতার ভেতর থেকে নিজস্ব দর্শন নির্মাণ করে| মানিক বন্দ্যোপাধ্যারয়র শক্তিশালী চরিত্র নির্মাণের ঐতিহ‌্য যেমন হোসেন মিয়া এর মতো জটিল চরিত্রে দেখা যায়, তেমনি আখতারুজ্জামান ইলিয়াস-এর রাজনৈতিক-সামাজিক বয়ানে চরিত্র প্রায়ই বৃহত্তর আইডিয়ার বাহক হয়ে ওঠে, আর শহিদুল জহির-এর লেখায় দেখা যায় তীব্র রাজনৈতিক-দার্শনিক টানাপোড়েন| কিন্তু আছাব বানু'র বৈশিষ্ট্য হলো, এখানে চরিত্রকে কোনো নির্দিষ্ট মতাদর্শের বাহন বানানো হয়নি; বরং চরিত্র নিজস্ব অভিজ্ঞতা, দ্বন্ধ, ভুল ও আত্ম-উপলব্ধির ভেতর দিয়ে বিকশিত হয়| এই উপন্যাসে ভাষার ব্যবহার, সামাজিক ট্যাবুর পুন:পাঠ, ধর্মীয় ব্যাখ্যার মানবিকীকরণ এবং লোকজ সংস্কৃতির গভীর স্বীকৃতির মাধ্যমে এক ধরনের জ্ঞানতাত্ত্বিক মুক্তির প্রস্তাব রাখে| ফলে এটি শুধু একটি গল্প নয়, বরং মানুষের অস্তিত্ব, স্বাধীনতা ও সমাজ-সংস্কৃতির সম্পর্ক নিয়ে এক গভীর দার্শনিক অনুসন্ধান যা বাংলা কথাসাহিত্যে আছাব বানু উপন্যাসটিকে এক অনন্য ও শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিত করে|

এই উপন্যাস কোনো চূড়ান্ত সমাধান দেয় না; বরং এটি প্রশ্ন তোলে, চিন্তা উস্কে দেয়, এবং পাঠককে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করে| এই দিক থেকে এটি একটি সাহিত্যকর্মের চেয়েও বেশি--এটি একটি দার্শনিক ও সামাজিক অনুসন্ধান|

সবশেষে বলা যায়, আছাব বানু উপন্যাস আমাদের শেখায় পরিবর্তন বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না; এটি ভেতর থেকে তৈরি করতে হয়| আর সেই প্রক্রিয়ার শুরু হয় প্রশ্ন করার মধ্য দিয়ে|