জিললুর রহমানের কবিতা
DhakaReport24.com || 2019-10-09 21:21:30
বনভান্তে শুয়ে আছে শতবর্ষে
-----------------------------
বনভান্তে শুয়ে আছে বনে নয়-কবরেও নয়
স্থির নিষ্কম্প নিথর মমি আজ বনভান্তে
একদিন বনভান্তে সকলকে দেখা দেয় নাই
এমনকি হোমরা চোমরা কতো বিষণ্ন ফিরেছে অদর্শনে
একদিন অষ্টাশি’র দুপুরবেলার গ্রীষ্মে তাঁর দেখা পাই
পাঁচ বন্ধু ঘোরগ্রস্থ ক্ষণে নিবিষ্ট শুনেছি
গেরুয়া চীবর পরা সহজ সরল সেই বাণী
সেদিন ঈমানদার অনেকে বিস্মিত -সে অনেক কথা
আমরা বনভান্তে পর্ব সেরে লেকে ঘুরি
চাকমা জাতির অভিশপ্ত লেকে -
নৌকা বেয়ে বেয়ে কেরু কোম্পানির ছিপি খুলি
আমাদের ভাসিয়ে হাসিয়ে রেখে নৌকা ডুবে যায়
উদ্ধারের পরে নিউটন আমাদের নিয়ে চলে
চাকমা দিদির ঘরে, ম্যাচ জ্বেলে দোচোয়ানি কেনে
তারপর আর মনে নাই-ভুলে যাই বনভান্তে
উপদেশে কি কি বলেছিল সে দুপুরে অস্থির গরমে
বহুদিন বহুরাত ভাবি শত বলিরেখা মুখে
গেরুয়া বসন পরে বনভান্তে কি বলেছে
মনে নেই-মনে আর পড়ে নাই, শুধু
উজ্জ্বল চোখের জ্যোতি মস্তিষ্কে রয়েছে গেঁথে
এখন সকলে তার দেখা পায় ভোরে কি দুপুরে
কাচের বাক্সের মধ্যে শুয়ে স্থির চলৎশক্তিহীন
সেই বলিরেখা শতবর্ষী সে চীবর গায়ে
প্রবল জ্যোতির চোখ নিরাসক্ত নিস্তব্ধ নিষ্প্রভ