গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা দুটি আন্তনগর ট্রেনের রুট পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। প্রস্তাবটি বাস্তবায়িত হলে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন এই দুই স্টেশনের যাত্রীরা।
রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ রেখে সেগুলোর রেক ব্যবহার করে খুলনা-ঢাকা পথে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালানো হবে। নতুন ট্রেন দুটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে ঢাকায় যাতায়াত করবে।
বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল প্রতিদিন বাতিল করতে হচ্ছে। এর ফলে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম নিয়মিত পরিচালনা করতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেন পরিচালনায়ও তৈরি হচ্ছে জটিলতা।
এ পরিস্থিতিতে খুলনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ সচল রাখা, আর্থিক ক্ষতি কমানো এবং ট্রেনের রেকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস নামে নতুন এক জোড়া ট্রেন চালুর কথা বলা হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।
নতুন রুটে ট্রেন দুটি যেসব স্টেশনে থামবে, সেগুলো হলো—দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা।
রেলওয়ের এ প্রস্তাব কার্যকর হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে এসব এলাকার যাত্রীদের ঢাকা ও অন্যান্য গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প পরিবহন বা অন্য রুটের ওপর নির্ভর করতে হতে পারে।
প্রস্তাবে নতুন ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।
তবে এটি এখনো রেলওয়ের একটি প্রস্তাব। মহাপরিচালকের অনুমোদন এবং পরবর্তী নির্দেশনা ছাড়া নতুন রুট ও সময়সূচি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম