লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ'র ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত 'ইউসেট' মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট ২৬ ডিসেম্বর'২২ সোমবার প্রকাশিত হয়েছে। বিগত ২৪ ডিসেম্বর শনিবার 'ইউসেট' মূল্যায়ন পরীক্ষা লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয় ও মোস্তফা বেগম গার্ল্স হাই স্কুলে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বারের মতো এই পরীক্ষা ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের উপর অনুষ্ঠিত হয়। উপজেলার সকল স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য হতে টেস্ট পরীক্ষার ফলাফলে যারা টপ ২৫% এর মধ্যে স্থান করে নিয়েছে তারাই এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে বলে জানা যায়।
প্রকাশিত রেজাল্টে দেখা যায়, অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল তেমন বেশী ভালো হয়নি। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক বিবেচনায় ভালো ফলাফল অর্জন করেছে বলে জানা যায়। সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে বিভিন্ন কোটায় ১৯ জন শিক্ষার্থী এই মূল্যায়ন পরীক্ষায় পুরস্কার পেতে যাচ্ছে। সমগ্র উপজেলায় মেধা কোটায় ৬ জনের মধ্যে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজ্ঞা প্রদীপ্তা আচার্য্য ৮০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৬৪.৫ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে। দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাঈনুদ্দিন হাসান আবিদ ৬৩ নম্বর পেয়ে ২য়, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম হোসেন শওকত ৬২.৫ পেয়ে ৩য়, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দাশ ৬২ পেয়ে ৪র্থ, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকা নাজনীন ৬১.৫ পেয়ে ৫ম, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছীমা মোস্তারী ৬১ পেয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছে। এছাড়া উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে ১০ জন শিক্ষার্থী ইউনিয়ন কোটায় এবং মাদ্রাসা থেকে ০৩ জন শিক্ষার্থী মাদ্রাসা কোটায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
রেজাল্টের বিষয়ে ইউএনও শরীফ উল্যাহ বলেন, অত্যন্ত সুন্দরভাবে খাতা মূল্যায়ন করে অতি অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে। অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ফলাফল অসন্তোষজনক । প্রতিষ্ঠানগুলো এবিষয়ে একটু গুরুত্ব দিলে আশা করি সহজে ভালো ফলাফল সম্ভব।
এরআগে ইউএনও'র শরীফ উল্যাহ'র উদ্যোগে আয়োজিত 'ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী এ্যাওয়ার্ড-২০২২' ও 'মভ টেস্ট' প্রতিযোগিতায় ৪১ জন শিক্ষার্থী পুরস্কারের জন্য বাচাই করা হয়েছিল । উপজেলায় শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইউএনও শরীফ উল্যাহ এসব ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। খুব শিঘ্রই বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন বলে তিনি জানিয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম