চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জাহেদা আফরিন তাইরিন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে রাউজানে অর্থাৎ তার শ্বশুরবাড়িতে। তার মৃত্যুকে ঘিরে দু'পক্ষেরই এলাকায় চলছে নানা গুঞ্জন। শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বলে প্রচার করলেও তাইরিনের বাপের বাড়ির লোকজন বলছে তাকে মেরে ফেলা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাউজানে গৃহবধূর শ্বশুর বাড়ির দুইতলা বাড়ির শয়নকক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নববধূ জাহেদা আফরিন তাইরিন রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট চেয়ারম্যান বাড়ির মো. ইউসুফের মেয়ে ও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘিস্থ সাদারপাড়া এলাকার গণি বাড়ির মোহাম্মদ ইসমাঈলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার সাপলেজা পাড়ার জহির আহমদ চৌধুরী চেয়ারম্যান বাড়ির মো. ইউছুপ আলীর মেয়ে জাহেদা আফরিন তাইরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের পুত্র মো. ইসমাইলের বিয়ে হয়। নিহতের শাশুড়ি বিয়ের ৪০ দিন আগেই মারা যান। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে দুই পরিবারের মাঝে মনোমালিন্য হয়। কিন্তু হাতের মেহেদীর রং শুকানোর আগেই লাশ হয়ে ফিরল রাঙ্গুনিয়ার তাইরিন।
মেয়ের পরিবার শুরু থেকে দাবি করে আসছিলেন মেয়েকে হত্যা করা হয়েছে। নিহত তাইরিনের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণীর মানুষ ও এলাকাবাসী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণির মানুষ।
এদিকে গতকাল (৪সেপ্টেম্বর) রবিবার বিকালে আইরিনের মৃত্যুর বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবিতে রাঙ্গুনিয়ার শান্তিরহাট বাজারে পোমরা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা'সহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নিয়েছেন। এ সময় স্বামী মোহাম্মদ ইসমাঈল ও তার বোন জেসমিন আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে নিহত জাহেদা আফরিন তাইরিনের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহীম এটিকে পরিকল্পীত হত্যাকাণ্ড উল্লেখ করে বিচারের দাবি জানান। এ সময় পুলিশ মামলা নিচ্ছে না উল্লেখ করে আদালতে মামলা করবেন বলেও জানান তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, "ময়নাতদন্ত শেষে গৃহবধূ তাইরিনকে বাপের বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে"।
তবে এই বিষয়ে নিহতের স্বামী মো. ইসমাঈল এটিকে আত্মহত্যা বলে দাবী করেন। তিনি বলেন, "আমার মা মারা গেছে ৪০ দিন হয়। ঘটনার দিন সকালে একসাথে নাস্তা করেছিলাম। কিন্তু হঠাৎ কি হলো বুঝতে পারছি না"।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম