চট্টগ্রাম লোহাগাড়ায় বড়হাতিয়া কিশোরী ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় পরিবারের ৩ সদস্যকে দা-চাপতি দিয়ে কুপিয়েছে বখাটে লোকজন। গত ৩১ আগস্ট রাত ১১ টায় বড়হাতিয়া হাজীর পাড়া ওরফে কসাই পাড়া ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। একই এলাকার আব্দুস সমদের পুত্র আবু তাহের, ইদ্রিসের পুত্র রিদুয়ান ও লিটন, আবু তাহেরের পুত্র আরিফ ও হানিফকে বিবাদী করে হোসনে আরা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ করেন।
সূত্র মতে, কিশোরী সালমা আক্তার (১৩) তার বসতবাড়ির বাইরে প্রস্রাব করতে যায়। এমন সময় বখাটে বিবাদীগণ কিশোরী সালমা আক্তারকে জাপটে ধরে ধর্ষণ করতে উদ্যত হয়। সালমার চিৎকারে তার জেঠাতো বোন পারভীন আক্তার দৌঁড়ে আসলে বিবাদীগণ তাকে দা--চাপতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় বিবাদীগণ সালমার জেঠার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে জেঠা ইদ্রিস এবং জেঠাতো ভাই বক্করকে দা--চাপতি দিয়ে কোপাতে থাকে। এ নিয়ে পুরো এলাকায় হৈ-চৈ ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী প্রতিবেশিরা এগিয়ে আসলে বখাটেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে প্রতিবেশিরা আহত পারভীন আক্তার, ইদ্রিস এবং বক্করকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় পুরো এলাকায় অস্থিরতা ও সর্বমহলে ক্ষোভ বিরাজ করছে। যেকোন মুহূর্তে রক্তক্ষয়ী অঘটন ঘটতে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ জানান, ঘটনাটি গুরুতরভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণ শুনার পর আমি তৎক্ষণাৎ লোহাগাড়া প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইন-চার্জ আতিকুর রহমান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নিতে চাইলেও তারা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম