দক্ষিন চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ আগামীকাল শনিবার (৯ জুলাই ) পবিত্র ঈদ উল আযহা পালন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মুরিদগণ সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করছেন।
মির্জাখীল দরবার শরীফ সূত্রে জানা যায়- সাতকানিয়ার সোনাকানিয়া, মির্জাখীল, গারাংগিয়া, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া এবং পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ আজ শনিবার ঈদ উল আযহা পালন করছেন।
এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরাও ঈদ পালন করবেন।
মির্জাখীল দরবারের ছোট শাহজাদা মোহাম্মদ মছউদুর রহমান ও মুরিদ রাশেদুল ইসলাম জানান, আমাদের পুরো গ্রামের মানুষ যারা দরবারের ভক্ত তারা আগামীকাল ঈদ উল আযহার ঈদ পালন করবেন।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও ঈদ পালন করবেন ও কোরবানী দিবেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদরা একই সাথে ঈদ পালন করবেন।
মির্জাখীল দরবারের অনুসারীরা প্রায় দুই শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল আযহা উদযাপন করে আসছেন।
দরবার শরীফের মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠিতব্য ঈদের নামাজের ইমামতি করবেন মির্জাখীল দরবারের বড় শাহজাদা ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান সাহেব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম