চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক আজাদী পত্রিকার লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মারুফকে মামলার হুমকি দিয়েছেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে টিলার মাটি কাটা সংক্রান্ত বিষয়ে মোবাইল ফোনে বক্তব্য নেয়ার সময় তাকে এ হুমকি প্রদান করেন।
আসহাব উদ্দিন উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ার শাহ আলমের পুত্র। ওই দিন রাতে এ ঘটনায় মোহাম্মদ মারুফ লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, গত ১৪ জুন দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ায় টিলা কেটে মাটি নিয়ে যাবার খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক মোহাম্মদ মারুফ। সেখানে স্থানীয় লোকজন, টিলার মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেট মালিক ও মাটি ক্রেতার সাথে কথা বলে জানতে পারেন স্থানীয় জনৈক আসহাব উদ্দিন টিলার মাটি কাটার সাথে জড়িত। একইদিন বিকেলে তার কাছে মোবাইল ফোনে টিলা কাটার ব্যাপারে জানতে চাওয়া হয়। কথোপকথনের এক পর্যায়ে টিলার মাটি কাটার সংবাদে যদি তার বক্তব্য দেয়া হয় তাহলে মোহাম্মদ মারুফের বিরুদ্ধে মানহানী মামলা করবে বলে হুমকি দেয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, মোবাইল ফোনে মানহানি মামলা করার হুমকি দেয়ায় জনৈক আসহাব উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, দৈনিক আজাদী পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ মারুফকে মামলার হুমকি দেয়ায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। অবিলম্বে হুমকি দাতাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম