গাজীপুরে সদর উপজেলায় স্কুল ছাত্রী মোছাঃ সানজিদা আক্তার আয়েশা (১৩), ও তার নানি বেবী বেগম (৫৫) এর শরীরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
২২ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার শিরিরচালা এলাকার হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির স্কুল মাঠে এ মানববন্ধ করেন। মানববন্ধনে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীসহ স্থানীয়রা।
মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, সানজিদা শরীরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, গত রোববার ১৮ই জুন দুপুরে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে পারিবারিক বিরোধের জেরে স্কুলছাত্রী সানজিদা ও তার নানি বেবী বেগমের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়- সৎ ভাই শুভ ও সৎভগ্নিপতি সাব্বির।
এঘটনায় স্কুলছাত্রীর বাবা শফিকুল ইসলাম রোববার রাতেই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সৎভগ্নিপতি সাব্বির হোসেন (২৬) কে গ্রেফতার করে।
স্কুলছাত্রী ও তার নানির শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে দুজনেই ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের আইসিউতে রয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম