গাজীপুর মহানগরীর টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি নুরুল ইসলামকে ডেকে নিয়ে যায়।
নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি নুরুল ইসলামকে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব শত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন বলে জানা যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে সিএনজি অটোরিকশা করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। এ ঘটনায় সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওসি মাকসুদুল আলম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে নুরুল ইসলামকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম