পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীপুর তহুরা আমিন (টি আমিন) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বসেছে গরু ছাগলের হাট। এতে গরু ছাগলের পায়ে পিষ্ট হয়ে বিনষ্ট হচ্ছে স্কুলমাঠ। খানাখন্দে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে পুরো মাঠের খেলার পরিবেশও। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাঠে গরু বসানোর কারণে বাজারের মোতাওয়াল্লীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও অলিদুজ্জামান।
জানা গেছে, প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষ্যে জাহাঙ্গীপুর তহুরা আমিন (টি আমিন) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পশুর বিশাল হাট বসে।
তবে প্রতি বছর দেওয়ান জাহের বখত গং নামের ওয়াকফস্টেইট বাজার পরিচালনা কমিটি এ বাজার বসান। এ নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক একাধিকবার উপজেলা প্রশাসন লিখিত ও মৌখিকভাবে জানালেও কোন পদক্ষেপ নিতে দেখা যায় না। এ নিয়েও রয়েছে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ।
সোমবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে প্রায় কয়েক হাজার গবাদিপশু বিক্রির জন্য নিয়ে এসেছে ক্রেতারা। তারা খুটির মধ্যে বেধেঁও রেখেছে এসব পশু। এতে গরুর পায়ের আঘাতে ও মলমূত্রে নষ্ট হচ্ছে ছ মাঠের ঘাস। প্রতি বৃহস্পতিবার বসে এ হাট। অথচ এ হাট সোমবার না থাকলেও ঈদুল আজহায় বসানো হয়েছে এ হাট।
নাম প্রকাশ না করার সত্তেও কয়েক জন অভিভাবক ও শিক্ষার্থী জানান, বিদ্যালয়ের খেলার মাঠে এই গরু ছাগলের হাট বসানোর কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে বর্ষার মৌসুম হওয়ায় মাঠে সারাক্ষণ কাদা জমে থাকে। আমরা চাই এই গরুর হাট বন্ধ হোক। আমাদের মাঠে গরুর হাট চলবে না। গরুর হাটের কারণে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, এ বিষয়ে প্রতি বছর লিখিত অভিযোগ দেই। কিন্তু কোন কাজ হয় না। বরং আমি শুত্রুতা বাড়াই।
দেওয়ান জাহের বখত গং নামের ওয়াকফস্টেইট এর মোতাওয়াল্লী দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক জানান, এই মাঠে আমি গরু তুলি নাই। উপজেলা নির্বাহী অফিসার আমাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। বিকাল ৫ ঘটিকার সময় অফিসে যাওয়ার জন্য বলেছেন।
বিদ্যালয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন, কি কারণে বিদ্যালয়ের মাঠে গরু উঠেছে এ বিষয়ে দেওয়ান জাহের বখত গং ওয়াকফস্টেইট এর মোতাওয়াল্লীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। বিকেল ৫ ঘটিকার সময় এ নিয়ে শুনানীর জন্য ডাকা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম