সরকারি চাকুরীতে কোটা সংস্কার ঘিরে আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা দাবির ঘোষণাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে সংঘর্ষ হয়েছে। রবিবার (৪ আগষ্ট ) দুপুরে মদন পৌরসদরের সরকারি কলেজ মোড়ে আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
গুরুতর আহত ছাত্রলীগ কর্মী মহসিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবলীগ কর্মী সাকলায়েন, জানু মিয়া, সোহরাপ মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাকির হোসেন কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসাবে মদন উপজেলায় আন্দোলন কর্মসূচির ঘোষনা দেন ছাত্ররা। সকাল ১১ টায় সরকারী কলেজ মোড়ে জড়ো হওয়ায় ঘোষনা দেন তারা। কিন্তু সকাল থেকে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের দখলে থাকে মদনের রাজপথ। পরে আন্দোলনকারীরা সরকারি কলেজের ছাত্র হোস্টেলের পাশে অবস্থান নেয়৷ খবর পেয়ে আওয়ামীলীগের লোকজন ও ধাওয়া দিলে তারা ইটপাটকেল ছুঁড়ে। পরে আওয়ামিলীগ ও পুলিশ সরকারি কলেজ মোড়ে অবস্থান নেয়। এদিকে ছাত্র হোস্টেলের পাশে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে আবার দ্বিতীয় দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, ' বিএনপি ও ছাত্রদলের লোকজন উপজেলা সদরে আন্দোলনের প্রস্তুতি নিলে আওয়ামীলীগের লোকজনের বাঁধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম