নেত্রকোনা সদরে প্রাইভেটকারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার ( ২৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুল হাকিম। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। নিহত অপর ব্যক্তি ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহত দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউল বলেন, বিকেল ৪টার দিকে নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন পাঁচজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম