ফরিদপুরের সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮মে) বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়ায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ইউসুফদিয়া গ্রামের তোমেজউদ্দিন মোল্যার ছেলে মো: সাগর মোল্যা(৪০)ও ড্রেজার মালিক মোঃ আলেম শেখ (৩২) নামক দুইজন ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বলে জানা যায়।
এসময় সালথা থানার পুলিশের এএসআই নাজমুল হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, সালথা উপজেলা প্রশাসন অবৈধভাবে মাটি/বালু উত্তোলনের বিষয়ে "জিরো টলারেন্স" নীতি অবলম্বন করে আসছে। এরই ধারাবাহিকতায় যখনই আমরা সুনির্দিষ্ট কোন অভিযোগ পাচ্ছি, তখনই অভিযান পরিচালনা করছি। যথারীতি অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম