ফরিদপুরের নগরকান্দায় হাফসা আক্তার নামের আট বছর বয়সী এক মেয়ে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনও জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ছোট কাজুলী গ্রামের নুর মোহাম্মাদ মোল্লার মেয়ে হাফসা আক্তার (৮) শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত এগারোটার দিকে খাবার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। হাফসা নগরকান্দা উপজেলার দেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
হাফসার বাবা নুর মোহাম্মাদ মোল্লা বলেন, আমি রাতে বাজার থেকে বাড়ি ফিরে খাবার ঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করি। কিন্তু ভিতর থেকে কোনো সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করি। ঘরে ঢুকে দেখতে পাই আমার মেয়ে হাফসা আড়ার সাথে ঝুলে আছে। প্রতিবেশীদের সহযোগিতায় আমার মেয়ের লাশ আড়া থেকে নিচে নামাই।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম