ফরিদপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা ছিনতাই চক্রের আসামি গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সিরিয়াল হত্যাকারী দুই ভাই আছমত সেক (১৯) ও আশিক সেক (১৬)-কে গ্রেফতার করা হয়েছে। আসামি দুই ভাই সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খার ডাঙ্গীর মুজিবুর শেখের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, গত ২ মার্চ ব্যাটারি চালিত রিকশা ছিনতাই করে তারা চালক সাব্বিরকে হত্যা করে লাশ সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দয়রামপুরে একটি পেনিয়ার ঘাসের ক্ষেত ফেলে যায়। এই ঘটনায় হত্যাকারী সন্দেহে বুধবার রাতে সদর উপজেলার গজারিয়া থেকে আছমত সেক ও আশিক সেককে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিক ইজিবাইক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সাব্বিরকে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই করে বিক্রি করেছে। তারা ১৮ দিন পরে একটি ইজিবাইক ছিনতাই করে। পরে এটি বিক্রি করলে পুলিশের হাতে ধরা পরে তারা।
গত ২০ মার্চ ছিনতাইয়ের উদ্দেশ্যে একই ইউনিয়নের গোয়ালেরটিলা এলাকার ইজিবাইক চালক নাইমকে ঘুড়তে যাবার কথা বলে বাড়ি ডেকে এনে মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করে তাদের বাড়ির পাশে গর্ত করে পুতে রাখে।
তার তথ্যে ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আসামিদের মুরগির ঘরের পাশে মাটি খুড়ে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম