খুলনার রায়েরমহল হামিদনগর স্লুইস গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাজা শেখ (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। সোমবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজা শেখ রায়েরমহল হামিদনগর স্লুইস গেট এলাকার তোরাব আলী শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাজা শেখ একাধিক মামলার কারণে জেল খেটে কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। এরপর তিনি নগরীর খালিশপুর এলাকায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে বসবাস শুরু করেন। সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুজন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যান।
আহত রাজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজা শেখ একসময় নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানান স্থানীয়রা। ৎ
খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানার ওসি ইমদাদুল হক বলেন, খবর পেয়ে আমিসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আএ/আরএএম